বিএনপির নেতার গোয়াল থেকে ১৩ চোরাই গরু উদ্ধার, অভিযুক্ত যুবক গ্রেফতার

নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গরুগুলো বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রমাণিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার, ২৩ মার্চ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব তথ্য জানান। তিনি বলেন, গভীর রাতে আত্রাই থানার নৈদিঘীর মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ দল অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার, আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটন প্রামাণিককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করে। এর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে বিএনপি নেতাকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

Scroll to Top