আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই প্রতিদিন হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি বলেন, “কখন কে মারে ঠিক আছে? আমার গানম্যান লাগবে।”
হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর থেকেই তাকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) চেয়ে আবেদন করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে একাধিক রাজনৈতিক দল হিরো আলমকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়ে তার সঙ্গে যোগাযোগ করছেন। তবে স্বতন্ত্র নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করবেন এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি৷ জানিয়েছেন, দুই একদিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম। সে নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীর সমর্থকদের হামলা শিকার হন তিনি।


