সকালে বাসায় ফিরে দেখলেন বিছানায় স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা লাশ

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান ও মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নিরব (২)। আজ সোমবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পনাশাইল রোড এলাকার মো. হাইয়ূমের ভাড়া বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নেত্রকোনার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার শান্তু মিয়ার ছেলে রফিকুল ইসলাম স্ত্রী, দুই সন্তান ও ছোটভাই নজরুল ইসলামকে নিয়ে ভালুকা উপজেলা শহরে ভাড়া বাসায় থাকতেন। রফিকুল স্থানীয় রাসেল স্পিনিং কারখানায় চাকরি করেন। রোববার রাতে কারখানায় অবস্থান করেন তিনি। সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন দরজায় তালা ঝুলানো। এ সময় অনেক ডাকাডাকির পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন বিছানায় তার স্ত্রী ও দুই সন্তানকে গলাকাটা মরদেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Scroll to Top